ঢাকা

ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৩ ছাত্রলীগ কর্মী কারাগারে

ধানমণ্ডি , ১৬ ফেব্রুয়ারি – ধানমণ্ডির ৩২ নম্বর এলাকায় ফুল দিতে গিয়ে আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জিন্নাহ এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালত সেই আবেদন মঞ্জুর করেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন, মিরপুর গভর্নমেন্ট রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. সাকিব, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের মো. জিহাদুল ইসলাম জিহাদ ও বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রিফাদ। মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে পুলিশ এই তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর ধানমণ্ডির কাজী নজরুল ইনস্টিটিউট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিছিল ও স্লোগান দেয়। সে সময় ধানমণ্ডি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী মিলন খানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language