১৮ মাসের দায়িত্ব শেষে কর্মকর্তাদের বিদায় জানালেন ড. ইউনূস

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – দীর্ঘ আঠারো মাসের দায়িত্ব পালন শেষে নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে নিজের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার দুপুরে তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি সহকর্মীদের উদ্দেশ্যে এক আবেগঘন বিদায়ী ভাষণ দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ড. ইউনূস তাঁর বক্তব্যে গত দেড় বছর ধরে রাষ্ট্র পরিচালনায় নিরলস পরিশ্রমের জন্য কার্যালয়ের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে একটি বিশেষ ফটোসেশনেও অংশ নেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রক্ষমতা বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যগণ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের মেয়াদের আনুষ্ঠানিক ইতি ঘটবে এবং ড. ইউনূস তাঁর দায়িত্ব থেকে বিদায় নেবেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ২১২টি আসনে জয়লাভ করে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









