সংসদ এলাকায় মঙ্গলবার ১১ ঘণ্টা যান চলাচল সীমিত থাকবে

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে সংসদ এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
এমতাবস্থায় এলাকার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে শপথ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এবং জুলাই স্মৃতি জাদুঘর বা গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
নগরবাসীর সাময়িক অসুবিধা নিরসনে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে মিরপুর রোড হয়ে ফার্মগেট বা সোনারগাঁওগামী যানবাহনগুলোকে প্রতিরক্ষা গ্যাপ এবং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে উড়োজাহাজ ও বিজয় সরণি ক্রসিং ঘুরে ফার্মগেটের দিকে যেতে হবে। ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসা যানবাহনগুলো আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে একই পথে ফার্মগেটের দিকে যাবে। আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে বিজয় সরণি দিয়ে চলাচল করবে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আসা গাড়িগুলো খেজুর বাগান ও উড়োজাহাজ ক্রসিং ঘুরে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
মানিক মিয়া এভিনিউ থেকে ব্যারিকেড সরানোর কারণে মিরপুর রোড থেকে আসা দক্ষিণমুখী যানবাহন শ্যামলী ও শিশুমেলা হয়ে সরাসরি ধানমন্ডি ২৭ নম্বরের দিকে যেতে পারবে। যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি বা হাতিরঝিল র্যাম্প ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরবাসীকে উল্লেখিত সড়কগুলো এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি। সাময়িক এই অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









