সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় উত্থান, ডিএসইতে সূচক বাড়ল ২০০ পয়েন্ট

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে এদিন মোট ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এই অংক আগের কার্যদিবসের চেয়ে ৪৮৫ কোটি টাকা বেশি, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬৪টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২২০টির শেয়ার দর বেড়েছে, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দর। এদিন সিএসইতে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









