ঢাকা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: মামলার রায় ৪ মার্চ

রামপুরা, ১৫ ফেব্রুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৪ মার্চ ঘোষণা করা হবে।

রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এই তারিখ নির্ধারণ করেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামলার মোট পাঁচজন আসামির মধ্যে চারজনই পলাতক রয়েছেন।

পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। অন্য আসামি পুলিশের সাবেক সহকারী উপ পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন আমির হোসেন। বাসার কাছে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়লে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে একটি নির্মাণাধীন ভবনের চারতলায় আশ্রয় নেন। পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে আগ্নেয়াস্ত্র তাক করে নিচে লাফ দিতে বলে।

একপর্যায়ে ভয়ে আমির হোসেন লাফ দিয়ে নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে থাকেন। তখন তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন। গুলিগুলো তার দুই পায়ে লাগে। পরে পুলিশ চলে গেলে আমির ঝাঁপ দিয়ে তৃতীয় তলায় পড়েন। তখন তার দুই পা দিয়ে রক্ত ঝরছিল। প্রায় তিন ঘণ্টা পর একজন শিক্ষার্থী ও দুইজন চিকিৎসক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এছাড়া একই দিনে রামপুরায় ঘটনাস্থলের সামনে আরও দুজনকে গুলি করে হত্যার অভিযোগও এই মামলায় আনা হয়েছে।

এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language