বগুড়ায় বাড়ির সামনে ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

বগুড়া, ১৫ ফেব্রুয়ারি – বগুড়ার গাবতলীতে নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম নামের এক ট্রাক মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম স্থানীয় জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, ব্যবসায়িক কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতেন। শনিবার রাতেও তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিন্তু ভোর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে ভোরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মেয়ে সাদিয়া আক্তার জানান যে তার বাবা প্রতিদিন দেরি করে বাড়ি ফিরলেও ওইদিন ভোরেও না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে বাড়ির সামনেই বাবার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানিয়েছেন, নিহতের গলা ও মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









