জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেওয়া ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকার করে দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে নিলেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এর আগে শনিবার ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলে তিনি নিজের ভেরিফায়েড পেজে ওই স্ট্যাটাস দিয়েছিলেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে। আমরা এই ফলাফল স্বীকার করি এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি। তবে জাতীয় নির্বাচনের ফলাফল আরও গভীর ও জটিল বাস্তবতার কথাও তুলে ধরে।

শফিকুর রহমান লেখেন, প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান নির্বাচনের পদ্ধতিতে লাখ লাখ ভোট কাঠামোগতভাবে যথাযথ মূল্যায়ন পায় না। ৫৩টি আসনে বিএনপি জোট কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছে। কিছু আসনের ফলাফল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পর্যালোচনাধীন রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাবো। এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং নির্দিষ্ট যেসব আসন নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার দায়িত্বশীল প্রচেষ্টা।

তিনি আরও লেখেন, যেখানেই ভোট গণনায় বিলম্ব, অনিয়ম বা বিরোধের অভিযোগ এসেছে, সেখানে জামায়াত জোটের প্রতিনিধিরা আইনগত কাঠামোর মধ্যে পুনর্গণনা ও আইনি প্রতিকারে চেষ্টা করছেন। প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হওয়া এবং প্রতিটি সংগত উদ্বেগ গুরুত্বসহকারে যাচাই করা জরুরি।

জামায়াত আমির লেখেন, অনেক ত্যাগ ও সংস্কারের চেতনায় প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে প্রায় ৬৮ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। আমরা আশা করি, নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করবে, আইনের শাসন বজায় রাখবে এবং সংযম ও জবাবদিহিতার সঙ্গে শাসন পরিচালনা করবে। সংস্কার কোনো স্লোগান নয়, এটি আমানত।

নির্বাচন কমিশনের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রত্যাশা, যেখানেই সহিংসতা, ভয়ভীতি বা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাবে, সেখানেই তারা শক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। আইনের শাসন সবার জন্য সমান হতে হবে।

তিনি আরও লেখেন, তারা যেন বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রমাণ দেন, সংবিধানের নিয়ম মেনে দেশ পরিচালনা করবেন। আইন লঙ্ঘনকারী যে কোনো ব্যক্তিকে পক্ষপাত ছাড়া জবাবদিহির আওতায় আনা হবে। শান্ত ও দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগোই। প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করি, জনগণের ইচ্ছাকে সম্মান করি এবং এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে ক্ষমতা প্রয়োগ করা হয় সততা, সংযম ও জবাবদিহিতার সঙ্গে।

এ বিষয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান শনিবার রাতে বলেন, জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফল স্বীকার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তবে তিনি সেটি সরিয়ে নিয়েছেন কি না, তা আমরা জানি না; খোঁজ নিয়ে পরে জানানো হবে।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language