ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুরে জামানত হারালেন দুই নারী প্রার্থী

দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দিনাজপুর জেলার দুই নারী প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনে জেলার মোট ছয়টি সংসদীয় আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যার মধ্যে মাত্র দুইজন ছিলেন নারী।
জামানত হারানো এই দুই নারী প্রার্থী দিনাজপুর-৩ বা সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁরা হলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বা বাসদ মনোনীত প্রার্থী কিবরিয়া হোসেন এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী লায়লাতুল রীমা। নির্বাচনের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে কিবরিয়া হোসেন মই প্রতীকে মাত্র ২৮৩ ভোট এবং লায়লাতুল রীমা হারিকেন প্রতীকে ২১৪ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশন বাংলাদেশের প্রচলিত আইন ও বিধান অনুযায়ী মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। দিনাজপুর-৩ আসনে মোট বৈধ ভোট পড়েছিল ২ লাখ ৮৩ হাজার ৬২৮টি।
ফলে ন্যূনতম ভোটের শর্ত পূরণ করতে না পারায় ওই দুই নারী প্রার্থীসহ মোট ২৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রসঙ্গত এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









