তারেক রহমানকে ফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন ও আমন্ত্রণ

বাংলাদেশ, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফোনালাপের সময় তিনি তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানান যে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং জাতীয় নির্বাচনে তার দলের ঐতিহাসিক বিজয়ে পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন শেহবাজ শরিফ। আলাপকালে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর জোর দেন। পাশাপাশি একে অপরের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ সম্মান রেখে আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আলোচনায় দুই পক্ষই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের মানুষকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। আলাপে তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় তারা দুজনই আগামী দিনগুলোতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।
এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









