নেত্রকোনা

নেত্রকোনায় বাবরের বিজয়ে ফুলেল শুভেচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি সমর্থকদের

নেত্রকোনা, ১৪ ফেব্রুয়ারি – নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তার নিজ বাড়িতে দলে দলে ভিড় জমান দলীয় কর্মী ও সমর্থকরা।

গান গেয়ে ও স্লোগান দিয়ে তারা বাবরকে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানান। লুৎফুজ্জামান বাবর এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ২০০১ সালে নির্বাচিত হয়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, বাবর অতীতে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারে তাকেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী। মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েনও বাবরকে ন্যায়পরায়ণ উল্লেখ করে একই দাবি জানিয়েছেন। জনগণের দাবির প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবর বলেন, তিনি কখনও পদের জন্য কোনো আবদার করেননি। তবে তাকে দায়িত্ব দেওয়া হলে সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন এবং দলের ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। এর মধ্যে বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অর্থাৎ ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন লুৎফুজ্জামান বাবর।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language