সাজ-সজ্জা

বসন্তের সাজে স্নিগ্ধতা ও রঙের বাহার: মিনিমাল মেকআপের সহজ টিপস

বসন্ত মানেই প্রকৃতির স্নিগ্ধ রূপ। রোদে হালকা সোনালি আভা আর বাতাসে ফুলের সুবাস মিলিয়ে এই ঋতুতে সাজপোশাক হওয়া চাই প্রাণবন্ত অথচ আরামদায়ক। বর্তমানে মিনিমাল মেকআপের চল বেশি থাকায় ক্লাস বা অফিস শেষ করে সরাসরি কোনো অনুষ্ঠানে গেলেও ভারী মেকআপের প্রয়োজন পড়ে না।

সঠিক প্রস্তুতি আর সামান্য টাচআপেই সকালের সাজে সারাদিন সতেজ থাকা সম্ভব। পোশাকে বসন্তের রঙের উপস্থিতি লুকে অর্ধেক পূর্ণতা এনে দেয়। শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া কিংবা ফ্রক যেটাই পরুন না কেন, তাতে হলুদ, বাসন্তী বা লালের ছোঁয়া রাখা জরুরি। এর সঙ্গে কনট্রাস্ট হিসেবে বেগুনি, সবুজ বা গাঢ় নীল রং যোগ করলে এক প্রাণোচ্ছ্বল আবহ তৈরি হয়।

মেকআপ দীর্ঘস্থায়ী করতে ত্বক প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ ভালোভাবে ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিলে ত্বক টানটান থাকে। এরপর ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগিয়ে ভেজা পাফে অল্প কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে বেস সেট হয়ে যায়। শেষে ফিক্সিং স্প্রে ব্যবহার করলে দুপুর পর্যন্ত মেকআপ ঠিক থাকে।

চোখের সাজে কাজল বা পাতলা আইলাইনার এবং ঠোঁটে মানানসই লিপস্টিক দিলেই দিনের সাজ পূর্ণতা পায়। চোখ বা ঠোঁট, যে কোনো একটিতে গুরুত্ব দেওয়া উচিত। চোখে স্মোকি লুক বা কাজল ব্যবহার করলে ঠোঁটে হালকা শেডের লিপস্টিক মানানসই। গালে সামান্য ব্লাশ বা হাইলাইটার মুখে সতেজ ভাব আনে। লিপস্টিকের ক্ষেত্রে স্কারলেট রেড, ব্রাউন, পার্পল বা পিংক শেড বেছে নেওয়া যেতে পারে। কপালে একটি ছোট টিপ সাজকে আরও আকর্ষণীয় করে তোলে।

বসন্তের সাজে চুলের স্টাইল বিশেষ ভূমিকা রাখে। খোঁপা, বেণি বা খোলা চুলে ফুলের ব্যবহার ফাল্গুনের আমেজ ফুটিয়ে তোলে। খোঁপায় হলুদ গাঁদা বা কানের পাশে ছোট ফুল গুজে নেওয়া যেতে পারে। এছাড়া হালকা খোঁপা বা বেণিতে ফুলের মালা জড়ালে দেখতে চমৎকার লাগে।

জুতা ও গয়না নির্বাচনেও সতর্ক থাকা প্রয়োজন। পোশাক ও পরিবেশের সঙ্গে মানানসই আরামদায়ক স্যান্ডেল বা হিল বেছে নিতে হবে। বর্তমানে লেডিস স্লিংব্যাক স্যান্ডেল বেশ জনপ্রিয়।

গয়নার ক্ষেত্রে ছিমছাম ডিজাইনই শ্রেয়। কুর্তি বা শাড়ির সঙ্গে মেটাল, মুক্তা বা পাথরের গয়না এবং হাতে গাঁদা ফুলের মালা বসন্তের সাজে পূর্ণতা আনে। অতিরিক্ত আড়ম্বর নয়, বরং স্বতঃস্ফূর্ততা আর ব্যক্তিত্বের প্রকাশই বসন্তের সাজের মূল মন্ত্র।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language