রংপুর

রংপুরে জাপার ভরাডুবি লাঙলের ‘জানাজা’র ছবি ভাইরাল

রংপুর, ১৩ ফেব্রুয়ারি – জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত রংপুরে এবার দলটির চরম রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। এবারের নির্বাচনে একটি আসনও ধরে রাখতে পারেনি দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও কোথাও জয়ের দেখা পাননি লাঙল প্রতীকের প্রার্থীরা।

দলটির প্রতিষ্ঠার চার দশকের ইতিহাসে এমন নজিরবিহীন ভরাডুবির মুখে আগে কখনো পড়তে হয়নি জাতীয় পার্টিকে। লাঙলের এই ব্যাপক পরাজয়ে রংপুরে সাধারণ মানুষের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই রংপুরজুড়ে একটি ছবি ছড়িয়ে পড়েছে যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় একটি লাঙল সামনে রেখে কয়েকজন ব্যক্তি প্রতীকী জানাজা পড়ছেন। ছবিটি শেয়ার করে বিভিন্ন ফেসবুক পেজে লেখা হচ্ছে যে রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের জানাজা সম্পন্ন হলো। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর ৩ আসনে তৃতীয় স্থান অধিকার করেছেন।

একইভাবে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা ১ আসনে তৃতীয় হয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পৈতৃক নিবাস রংপুরে হওয়ায় এ অঞ্চলটি বরাবরই লাঙলের শক্ত ঘাঁটি বা ভোটব্যাংক হিসেবে পরিচিত ছিল। তবে এবার সেই ঐতিহ্যের দুর্গ ভেঙে সেখানে জয়লাভ করেছে জামায়াত।

এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language