সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা জাপা মহাসচিবের

গাইবান্ধা-১, ১২ ফেব্রুয়ারি – জাতীয় নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা ১ আসন থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলানীপাড়া মফিজুল হক পাটোয়ারী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট প্রদান শেষে তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরবর্তীতে দুপুর ১২টার দিকে বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন এই রাজনীতিবিদ। নির্বাচনে কোনো অনিয়মের প্রমাণ মিললে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। শামীম হায়দার পাটোয়ারী বলেন যে ভোট সুষ্ঠু না হলে দলীয় ফোরাম থেকে সিদ্ধান্ত আসবে তবে তারা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকতে চান। ভোটারদের উপস্থিতি ও উৎসাহ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বহিরাগতদের উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ভোট প্রদানে বাধা দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান যে জাতীয় পার্টি তা প্রতিহত করবে। এছাড়া বিভিন্ন মামলার ভয়ভীতি ও গ্রেপ্তারের হুমকির বিষয়েও অভিযোগ করেন তিনি।
তিনি উল্লেখ করেন যে আওয়ামী লীগের সমর্থকদের কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে হুমকি দেওয়া হচ্ছে যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সবার নির্বাচনে সহায়তা করা উচিত বলে মন্তব্য করেন জাপা মহাসচিব। এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









