দীর্ঘ ১৬ বছর পর স্বাধীনভাবে ভোট দিতে পারলাম: জামায়াত নেতা বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ, ১২ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন দীর্ঘ সাড়ে ১৬ বছর পর সুষ্ঠু পরিবেশে ও স্বাভাবিকভাবে স্বাধীনমতো আমরা ভোট দেওয়ার সুযোগ পেলাম। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি জানান তিনি তার ব্যক্তিগত ভোটটি দিয়ে এসেছেন এবং দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ও নারীদের লম্বা লাইন লক্ষ্য করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সবাই যদি সজাগ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করেন তবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই বিপুল ভোটের ব্যবধানে তাঁরা বিজয়ী হবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান নির্বাচন কেমন হবে সেটি সকালবেলাতেই বলা কঠিন এবং তিনি কেবল বের হয়েছেন।
বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করার পর তিনি এ নিয়ে মন্তব্য করবেন বলে জানান। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে তিনি অবহিত করেছেন এবং তাদের ভূমিকার ওপর পরিস্থিতির নির্ভরতা দেখছেন। বুলবুল আরও বলেন এটি জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং এই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবারই সক্রিয়ভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। রিটার্নিং কর্মকর্তাসহ সবাই যদি সমান ভূমিকা পালন করেন এবং প্রার্থীদের পক্ষের ভোটার ও কর্মী সবাই যদি দায়িত্বশীল আচরণ করেন তবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তবে ফলাফল যা ই হোক না কেন তিনি তা মেনে নেবেন। জনগণের ওপর তার বিশ্বাস ও আস্থা রয়েছে। তিনি দাবি করেন স্বতঃস্ফূর্ত সাড়া এবং জনগণের ভালোবাসায় আস্থার যে জোয়ার তৈরি হয়েছে তাতে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর এবং জেলা মিডিয়া সম্পাদক নূরে আলম সিদ্দিকি আসাদ ও সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতারা।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









