ভোটার তালিকায় গরমিল, ভোট না দিয়েই ফিরছেন অনেকে: ববি হাজ্জাজ

ঢাকা-১৩, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-১৩ আসনে ভোটার তালিকার গরমিল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন এই আসনের প্রার্থী ববি হাজ্জাজ। তাঁর দাবি, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকার মধ্যে তথ্যের অসামঞ্জস্য রয়েছে। এর ফলে অনেক ভোটার কেন্দ্রে এসেও তালিকায় নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না এবং ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন। ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ এবং কেন্দ্রের পোলিং অফিসারদের কাছে থাকা তালিকার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। তিনি জানান, এর আগে আরও সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই কমবেশি এমন অসংগতি লক্ষ্য করেছেন। একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, একজন ভোটারের নাম অনেক সময় ধরে খোঁজার পর রিটার্নিং কর্মকর্তার সহায়তায় নাম, জন্মতারিখ ও ঠিকানা মিলিয়ে তবেই পাওয়া গেছে। কিন্তু সাধারণ ভোটাররা এতো দীর্ঘ সময় অপেক্ষা না করে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভোটার তালিকার এই ত্রুটি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন যেন প্রিজাইডিং অফিসাররা ধৈর্য ধরে ভোটারদের সহায়তা করেন। তবে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই প্রার্থী। তিনি জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দক্ষতার সাথে মোকাবিলা করেছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত হলে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথাও জানান তিনি।
এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









