থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর হানা শিক্ষক গুলিবিদ্ধ, জিম্মি শিক্ষার্থী ও শিক্ষকরা

থাইল্যান্ড, ১১ ফেব্রুয়ারি – থাইল্যান্ডের সোংখলা প্রদেশে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানে অজ্ঞাতনামা বন্দুকধারী বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষককে জিম্মি করে রেখেছে বলে জানিয়েছে প্রাদেশিক প্রশাসন। বুধবার সন্ধ্যায় সোংখলার হাট ইয়াই জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে যে হামলাকারীদের গুলিতে ইতোমধ্যে একজন শিক্ষক আহত হয়েছেন। মে তাপ্তিম ইয়ালা ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটের দিকে তাম্বনের পাতং প্রথান খিরিওয়াত স্কুলে সশস্ত্র হামলাকারীরা প্রবেশ করে। আহত শিক্ষককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যানুযায়ী, দিনের পাঠদান কার্যক্রম শেষ হওয়ার পরপরই বন্দুকধারীরা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে এবং হামলা চালায়। এ সময় ভয়ে অনেক শিক্ষার্থী ভবনের ভেতরে আটকা পড়ে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জিম্মিদের উদ্ধারে হাট ইয়াই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং একটি বিশেষ বাহিনী বা স্পেশাল টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে যাতে নিরাপদে শিক্ষার্থী ও অন্যদের সরিয়ে নেওয়া সম্ভব হয়। পুলিশ জানিয়েছে যে সংকট নিরসনে তারা স্থানীয় জেলা প্রশাসন, তাম্বন ও গ্রাম প্রধানদের সহায়তায় বন্দুকধারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে স্কুলের সামনের রাস্তা ও আশপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









