জ্বালানি সরবরাহ সচল রাখতে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

নারায়ণগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – নির্বাচন ও সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকার কথা থাকলেও জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী শনিবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সীমিত পরিসরে কয়েকটি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের লেনদেনের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনামা অনুযায়ী পূবালী ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জের ফতুল্লা, খুলনার খালিশপুর, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জের ভৈরব বাজার ও সিলেটের বড়ই কান্দি শাখা খোলা থাকবে।
এছাড়া উত্তরা ব্যাংক পিএলসির খুলনার খালিশপুর শাখা এবং ওয়ান ব্যাংক পিএলসির দিনাজপুরের পার্বতীপুর উপশাখা লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। একইসঙ্গে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট এলাকায় জনতা ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখাও খোলা থাকবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকার পূর্বঘোষণা ছিল।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









