নির্বাচনে বিশৃঙ্খলা করলে প্রয়োজনে রাবার বুলেট, কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি

খুলনা, ১০ ফেব্রুয়ারি – আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরহস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. রেজাউল হক রেজা। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে রাবার বুলেটসহ আইনসম্মত সকল ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
মঙ্গলবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিআইজি রেজাউল হক উল্লেখ করেন যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সরকার ও জনগণের সহযোগী হিসেবে কাজ করবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরও বলেন যে নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশাবাদ ব্যক্ত করে খুলনার ডিআইজি বলেন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও সুষ্ঠু ও সুন্দর হবে। ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই কিংবা জাল ভোটের মতো কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬









