ভোটের দিন কেন্দ্রে ‘ইঞ্জিনিয়ারিং’ হওয়ার আশঙ্কা ইকবাল হাসান মাহমুদ টুকুর

সিরাজগঞ্জ, ৯ ফেব্রুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় ভোটগ্রহণ শুরুর আগেই পোলিং এজেন্টদের কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পুকুরচালা এলাকায় সোমবার দুপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই নির্দেশনা দেন। টুকু বলেন, এজেন্টদের নিশ্চিত হতে হবে যে ব্যালট বাক্সগুলো শুরুতে খালি আছে। ভোটাররা কেন্দ্রে এলে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে এবং ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। বোরকা পরিহিত নারী ভোটারদের ক্ষেত্রে নারী এজেন্টরা তাদের মুখ দেখে পরিচয় নিশ্চিত করবেন। পাশাপাশি কেউ যাতে বাইরে থেকে অতিরিক্ত ব্যালট পেপার নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেদিকে পুরুষ এজেন্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সমর্থক ভোটারদের আশ্বস্ত করে বিএনপি নেতা বলেন, গত ৫ আগস্টের পর অনেক সাধারণ আওয়ামী লীগ সমর্থকের বিরুদ্ধেও বিনা কারণে মামলা হয়েছে।
নির্বাচনের পর এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কেউ অহেতুক হয়রানির শিকার হবেন না। সমাবেশে উপস্থিত জনতাকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উক্ত সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









