নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা, বলবৎ থাকবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত

বাংলাদেশ, ৯ ফেব্রুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না। সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, কমিশনের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং ওই নির্দিষ্ট এলাকার ভোটার বা স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না। অবাধ ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬









