জাতীয়

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ অন্তর্বর্তী সরকারের

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রবিবার আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিগত সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রুজু হওয়া মোট ২৩ হাজার ৮৬৫টি মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে জানানো হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া এসব মামলা পর্যালোচনার জন্য গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।

পাশাপাশি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় আন্তঃমন্ত্রণালয় কমিটিও কাজ করেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভায় বসে পুঙ্খানুপুঙ্খভাবে মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের এই সুপারিশ করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও মামলা নিস্পত্তি করা হবে।

এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language