১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যদি আমরা ব্যর্থ হই, তবে ৫ আগস্টের অর্জনও ব্যর্থ হয়ে যাবে। আমরা ৫ আগস্ট যেভাবে সফল হয়েছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও সেভাবে সফল হব। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।
রোববার সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে পর্যাপ্ত খেলার মাঠ, সরকারি হাই স্কুল বা সরকারি হাসপাতাল নেই। এই এলাকার সেবা খাত শতভাগ বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই প্রায় ৬০ শতাংশ রাস্তা তলিয়ে যায় এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়।
রামপুরা ও শাহজাদপুর খালসহ আশেপাশের জলাশয়গুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় এই নাগরিক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার উন্নয়ন না হওয়ার পেছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ভূমিদস্যুদের দায়ী করে তিনি বলেন, ভূমিদস্যুরা এলাকার সাধারণ মানুষের জমি ও খাস জলাশয় দখল করে ভরাট করেছে। এতে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এই অঞ্চলের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে এবং ভূমিদস্যু সিন্ডিকেট ঢাকা-১১ থেকে চিরতরে নির্মূল করে বেদখল হওয়া জমি বা তার ন্যায্যমূল্য পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, আমরা কেবল ঢাকা-১১ আসন নয়, বরং সারা দেশেই ১১ দলীয় ঐক্যজোটের বিজয়ের ব্যাপারে আশাবাদী।
একটি বিশেষ মহল দেশকে বিপদগ্রস্ত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দিয়ে আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









