মধ্যপ্রাচ্য

ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি আরাঘচির

তেহরান, ৭ ফেব্রুয়ারি – ওয়াশিংটন যদি ইরানের মাটিতে আক্রমণ চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি স্পষ্ট করেছেন যে আমেরিকার মূল ভূখণ্ডে হামলার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা নেই তবে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু হবে।

সাক্ষাৎকারে আরাঘচি জানান পারমাণবিক সমৃদ্ধকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সন্তোষজনক চুক্তিতে পৌঁছাতে তেহরান প্রস্তুত।

পারমাণবিক সমৃদ্ধকরণকে ইরানের অবিচ্ছেদ্য অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন বোমাবর্ষণ করেও পশ্চিমাদের পক্ষে ইরানের সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি। তবে মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না বলে তিনি সতর্ক করে দেন। তাঁর মতে এটি দেশটির প্রতিরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত এবং আপসযোগ্য নয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে উভয় পক্ষই মনে করে যে শিগগিরই আলোচনা হওয়া প্রয়োজন।

এর আগে শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। ওই বৈঠক সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে ইরানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language