জাতীয়

এবার নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হবে না: নির্বাচন কমিশনার

রংপুর, ৭ ফেব্রুয়ারি – নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন যে নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ বিরাজ করছে এবং এবার কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি মাছউদ উল্লেখ করেন যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আরও জানান যে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি রাজনৈতিক দলগুলোর আচরণের প্রশংসা করে বলেন যে ভোটের সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে এবং নেতারা কমিশনের নির্দেশ মেনে পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন। রাজনৈতিক নেতাদের পারস্পরিক বাদানুবাদকে তিনি ভোটযুদ্ধের কৌশল হিসেবে অভিহিত করেন।

এ সময় তিনি শরীফ ওসমান হাদী হত্যার নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।

সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language