নির্বাচন সামনে রেখে গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন জাপার কয়েক শ নেতাকর্মী

গাজীপুর, ৭ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর মহানগরীতে জাতীয় পার্টির কয়েক শ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার দুপুরে নগরীর কাশিমপুর থানা বিএনপি আয়োজিত এক নির্বাচনী বৈঠকে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।
এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। শনিবার সকালেই শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর ১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে এই নিবার্চনী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক খান ও কাশিমপুর থানা জাপার সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
এ সময় বিএনপি নেতারা তাদের ফুল দিয়ে দলে বরণ করে নেন। বিএনপিতে যোগ দিয়ে নেতাকর্মীরা জানান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে তারা জাপা ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। নবাগতদের স্বাগত জানিয়ে শওকত হোসেন সরকার বলেন দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্ব এবং তাঁর ৩১ দফা বাস্তবায়ন ও দেশ গঠনের কাজে নিজ থেকে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করায় গাজীপুর মহানগর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। এর ফলে গাজীপুর ১ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









