জাতীয়

শিক্ষার্থীদের ওপর পুলিশের আগ্রাসী মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন মিজানুর রহমান আজহারি

যমুনা, ৭ ফেব্রুয়ারি – জাতিসংঘের তত্ত্বাবধানে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। এই কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

উক্ত ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পুলিশের এমন আগ্রাসী আচরণের কারণ জানতে চেয়েছেন এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। আজহারি তার পোস্টের শুরুতে উল্লেখ করেন যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা ব্যাপক উৎসাহ নিয়ে শিক্ষার্থীদের বেধড়ক পেটাচ্ছে। তিনি মন্তব্য করেন যে চাইলেই আক্রমণের ভান করে বা অন্য কোনো উপায়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া যেত যেমনটি এর আগে একজন পুলিশ কর্মকর্তা করে প্রশংসিত হয়েছিলেন। কিন্তু হঠাৎ কেন পুলিশ এমন কঠোর অবস্থানে গেল তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

বিচার চাইতে আসা শিক্ষার্থীদের ওপর এমন নির্মম আচরণকে তিনি অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি সংযত পেশাদার ও মানবিক আচরণ প্রদর্শন করবেন। ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language