সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান এই অভিযোগপত্র জমা দেন।
আদালতের তথ্যমতে, গত ২০ জানুয়ারি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে এবং আগামী ৩ মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ছাড়াই ব্যবসায়িক উদ্দেশ্যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিজেদের হেফাজতে রেখেছিলেন এবং জব্দকৃত মুদ্রার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ আগস্ট সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
সেখানে অবস্থানরত আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে আনিসুল হকের ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার পাওয়া যায়। অন্যদিকে সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। পরে ১৯ সেপ্টেম্বর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।
এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









