অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে পাইলটসহ ৩ জন নিহত

অস্ট্রেলিয়া, ৭ ফেব্রুয়ারি – অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের অ্যাডিলেড থেকে আনুমানিক ৬৩ কিলোমিটার দক্ষিণে বন্দর শহর গুলওয়া সাউথের লং বে এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে থাকা পাইলট এবং অপর দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এছাড়া বিমানের ধ্বংসাবশেষ তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা শনিবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিও ফুটেজে বিমানটিকে সামনের দিক দিয়ে সরাসরি সমুদ্রে আছড়ে পড়তে দেখা গেছে।
এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬









