জাতীয়

পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে ‘লীগমুক্ত’ করার দাবি ডাকসু ভিপি সাদিকের

বাগেরহাট, ৭ ফেব্রুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হলে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে ‘লীগমুক্ত’ করতে হবে। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীর অভ্যন্তরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।

শুক্রবার বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে এবং শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাদিক কায়েম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ভোটাধিকার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বারবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছেন। তাই জনগণের ভাগ্য পরিবর্তন ও শোষণমুক্ত দেশ গড়তে তিনি ‘দাড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণভোট প্রসঙ্গে ডাকসু ভিপি মন্তব্য করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়াই প্রকৃত স্বাধীনতা। একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে তিনি বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের পক্ষে সমর্থন চেয়ে বলেন, রাহাদ নির্বাচিত হলে তিনি শাসক নন, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন।

বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইউনুস শেখের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language