জাতীয়

যমুনার সামনে আন্দোলনকারীদের সরাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এই অভিযানে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে এবং কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্রের ব্যবহার ঘটেনি।

উক্ত ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য এবং কয়েকজন বিক্ষোভকারী সামান্য আহত হয়েছেন। এই বিষয়ে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য এবং বিভ্রান্ত না হওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language