জাতীয়

যমুনা অভিমুখে ‘ভুখা মিছিল’, পুলিশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে সরকারি কর্মচারীরা যমুনা অভিমুখে ভুখা মিছিল করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। পরে ভুখা মিছিল নিয়ে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে।

সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে সরকারি কর্মচারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।

এরপরও তারা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন তারা। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তারা পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন।

এর আগে দাবি আদায়ে সরকারি কর্মচারীরা টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করা হয়।

আন্দোলনকারীরা জানান, সময় বাড়িয়ে চার ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এই কর্মসূচি পালন করা হয়। আজ বড় জমায়েতের ঘোষণাও দেওয়া হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী গণমাধ্যমকে বলেন, ২২ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের চলমান আন্দোলন ও দাবির প্রতি সরকার কর্ণপাত না করায় তারা মর্মাহত। এখন পর্যন্ত সরকারের কোনো দপ্তরের কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই পূর্বঘোষিত কর্মসূচি জোরালোভাবে পালন করা হবে। তিনি জানান, ইতোমধ্যে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে এবং আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি চাকরিজীবীরা।

আন্দোলনরত নেতারা বলেন, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয়েছে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language