দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও ওপরের দিকে অবস্থান করছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শুক্রবার রাজধানীর বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৯৮। এই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
একই সময়ে ২৮৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক এবং মিশরের কায়রো। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে পাকিস্তানের দুটি শহর লাহোর ও করাচি।
সাধারণত একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ ছাড়িয়ে গেলে সেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬









