জাতীয়

রমজান উপলক্ষ্যে ১৮৬ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিপুল পরিমাণ তেল কিনতে মোট ব্যয় হবে প্রায় ১৮৬ কোটি টাকা।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজার থেকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল কেনা হবে। দেশের দুটি প্রতিষ্ঠান থেকে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে যা ১০টি লটে সরবরাহ করা হবে। এতে সর্বমোট ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এই প্রতিষ্ঠান থেকে কেনা তেলের জন্য ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা যেখানে প্রতি লিটারের দাম পড়ছে ১৮৫ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির জন্য শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এই অংশের জন্য ব্যয় ধরা হয়েছে ৯২ কোটি ৯৫ লাখ টাকা আর প্রতি লিটারের দাম পড়ছে ১৮৫ টাকা ৯০ পয়সা। উল্লেখ্য তেল ছাড়াও সভায় সার আমদানির বিষয়েও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এসএএস/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language