গাজীপুর

কাপাসিয়ায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫, অফিস ভাঙচুর

গাজীপুর, ৬ ফেব্রুয়ারি – গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর একটি মিছিল সালদৈ বাজার এলাকায় প্রবেশ করলে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেয়ার জেরে বাজারের বিএনপি অফিসের সামনে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে এটি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

সংঘর্ষে জামায়াতের কর্মী জাহিদ ভুঁইয়া, লতিফ ভুঁইয়া ও অপর একজন আহত হন। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতা লাল মিয়া ও ছাত্রদল নেতা মো. রাজীব আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গাজীপুর ৪ আসনে বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করেন, তাদের অফিসে নেতাকর্মীদের নিয়মিত সাংগঠনিক কাজ চলাকালে জামায়াতের মিছিল থেকে অতর্কিত হামলা চালানো হয়। এতে তাদের দুজন আহত হন এবং অফিসের আসবাবপত্র ভেঙে ফেলা হয়।

তবে জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী দাবি করেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়, যাতে তাদের তিনজন কর্মী আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা রাখেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language