মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু, আটকা পড়েছেন অনেকে

ভারত, ৫ ফেব্রুয়ারি – ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে অনুমোদনহীন একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় খনির ভেতরে আরও কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় অবস্থিত একটি ‘র্যাট-হোল’ খনিতে এই দুর্ঘটনা ঘটে।
জেলার ডেপুটি কমিশনার মনীশ কুমার জানিয়েছেন, এটি মূলত সরু সুড়ঙ্গযুক্ত খনি যেখানে শ্রমিকদের হামাগুড়ি দিয়ে চলাচল করতে হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একসময় এ ধরনের খনন কাজ প্রচলিত থাকলেও প্রাণহানি ও পরিবেশগত ঝুঁকির কারণে ২০১৪ সালে তা নিষিদ্ধ করা হয়। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খনির গভীরে প্রবেশের প্রচেষ্টা সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খনিটির অবস্থান দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকাজ বাধার মুখে পড়ছে। রাজ্য ও কেন্দ্রীয় উদ্ধারকারী দলের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে এবং পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন যে সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান যে ঘটনার দায় নির্ধারণ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সাল থেকে আসাম ও মেঘালয় রাজ্যে অবৈধ র্যাট-হোল খননের কারণে এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে।
এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬









