নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ২১ ঘণ্টা গ্যাসের তীব্র সংকট থাকবে

শীতলক্ষ্যা নদী, ৪ ফেব্রুয়ারি – শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেড এলাকার অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেরামতের কাজের জন্য নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টানা ২১ ঘণ্টা এসব এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। তিতাস গ্যাসের তথ্যমতে, আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এই সময়ের মধ্যে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর বিসিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগে তীব্র স্বল্পচাপ অনুভূত হবে।
এছাড়াও মেরামতের কাজ চলাকালীন আশপাশের আরও কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬








