ক্রিকেট

জাহানারার অভিযোগের সত্যতা মিলেছে, অভিযুক্ত মঞ্জুরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত গুরুতর অভিযোগের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে যে, জাহানারার করা অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

গত বছরের নভেম্বর মাসে আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে পাঁচ সদস্যের এই স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ অনুসন্ধান শেষে গত ৩১ জানুয়ারি প্রতিবেদনটি প্রস্তুত হয় এবং ২ ফেব্রুয়ারি তা বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয়।

জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন, যার মধ্যে দুটির সত্যতা মিলেছে এবং উভয়ই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।

তদন্ত কমিটি জানিয়েছে, অভিযুক্তের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী অসদাচরণ ও হয়রানির পর্যায়ভুক্ত। তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিসিবির সঙ্গে আর যুক্ত নেই মঞ্জুরুল ইসলাম।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language