সরকারি বেতন দ্বিগুণ বাড়ানোর সুপারিশ বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখবে সরকার

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ দেওয়া জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনকে খুবই ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করবে। পাশাপাশি বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থও সরকার রেখে যাবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
পে কমিশন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, পে-কমিশন একটি ভালো ইস্যু। আমরা সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি করে দিচ্ছি। এছাড়া বাজেটও ফেজওয়াইজ করা হবে, তার জন্য সংস্থান করে যাচ্ছি।
সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে কি না, তখন তিনি বলেন, টাকা-পয়সা আমরা রেখে দেব, এরপর বলব এটা রেকমেন্ডেশন। রিপোর্টটা অত্যন্ত ভালো হয়েছে এবং আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।
কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না, এমন প্রশ্নে তিনি বলেন, গেজেট করা সহজ নয়। গেজেট করতে হলে স্পষ্টভাবে বলতে হয় কোনটা কত দেওয়া হবে। মূলত আমরা সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করে দিচ্ছি।
নির্বাচনে গণভোটের জন্য খরচ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা তিনি জানেন না। তবে বেশি নয়, মূল লক্ষ্য ছিল নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করা। যেমন সিসি ক্যামেরা লাগানোসহ অন্যান্য প্রয়োজনীয় খরচে আমরা কার্পণ্য করিনি এবং প্রয়োজন অনুযায়ী অর্থ প্রদান করেছি।
ভোটের প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে কত টাকা দেওয়া হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা অর্থ দিয়েছি নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তা ব্যবহার করে আইনশৃঙ্খলা, রিটার্নিং অফিসারের কাজ ইত্যাদিতে। তবে ভোটের প্রচারণার জন্য কোনো অর্থ দেওয়া হয়নি।
এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬









