জাতীয়

ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

ঢাকা, ৩১ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার অনলাইন প্রক্রিয়ায় বড় ধরণের নিরাপত্তা ত্রুটি পরিলক্ষিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য সবার জন্য উন্মুক্ত হয়ে পড়ার ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল ৪টার দিকে ইসির ওয়েবসাইটে লগইন করার সঙ্গে সঙ্গেই আবেদনকারীদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বরসহ আবেদনের কপি দৃশ্যমান হয়ে ওঠে। যদিও সাংবাদিকদের তোপের মুখে গত বৃহস্পতিবার নাসির উদ্দিন কমিশন এই অনলাইন সিদ্ধান্ত থেকে সরে এসেছিল, কিন্তু তার আগেই বিপুল সংখ্যক সাংবাদিক নিবন্ধন সম্পন্ন করেছিলেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন যে শুক্রবার অনলাইন সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিনের দায়িত্বে থাকা ব্যক্তি কিছু সময়ের জন্য এটি চালু করায় তথ্যগুলো উন্মুক্ত হয়ে যায় বলে তিনি জানান। তবে বিষয়টি নজরে আসার পর ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য যে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা সাংবাদিকদের সঙ্গে পূর্বালোচনা ছাড়াই এনআইডি ও ওটিপি যাচাইয়ের মাধ্যমে এই অনলাইন নিবন্ধন পদ্ধতি চালু করেছিল।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language