উত্তর আমেরিকা

ট্রাম্পের নতুন প্রস্তাব: রাশিয়ার বদলে ভেনেজুয়েলার তেল কিনলে কমবে ভারতের ওপর শুল্ক

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছেন, যাতে রাশিয়ার বদলে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করা হবে। এর মূল উদ্দেশ্য হলো রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমিয়ে মস্কোর রাজস্ব আয়ে প্রভাব ফেলা, যাতে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন কমানো যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই প্রস্তাবে রাজি হলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত চড়া আমেরিকান শুল্ক কমানো হতে পারে এবং দীর্ঘদিন ধরে মুলতুবি থাকা ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

২০২৫ সালে রাশিয়া ও ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনার কারণে দুই দফায় ২৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শুল্ক ভারতের ওপর আরোপ করা হয়েছিল। বর্তমানে ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমাতে শুরু করেছে; জানুয়ারি মাসে প্রতিদিন ১২ লক্ষ ব্যারেল কিনলেও ফেব্রুয়ারি থেকে তা ১০ লক্ষ ব্যারেলে নামানোর পরিকল্পনা রয়েছে, ভবিষ্যতে ৫–৬ লক্ষ ব্যারেলে নেমে আসতে পারে।

এর পেছনে রয়েছে ভূ-রাজনৈতিক পরিবর্তন: গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর দেশটির তেলভাণ্ডারের ওপর আমেরিকার পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে। ফলে আমেরিকা চাইছে, ভারত ভেনেজুয়েলার তেল সংগ্রহ করুক।

এখন পর্যন্ত ভারত সরকার বা অন্য কোনো পক্ষ থেকে এই প্রস্তাব বা বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language