জাতীয়

শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে

বগুড়া, ৩০ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে। বৃহস্পতিবার রাত বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী তারেক রহমান। রাত পৌনে ১২টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভার মঞ্চে পৌঁছান তিনি, সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান। মঞ্চে আসার আগে তিনি নওগাঁয়ও নির্বাচনী জনসভা করেন।

বক্তৃতা শুরু করার সময় তিনি বলেন, ‘নিজের ঘরে এসে কী বলব, তাল হারিয়ে ফেলেছি। নিজেও অনেকটা আবেগাপ্লুত হয়ে গেছি। ঘরের মানুষের কাছে তো বলাবার কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘১৯ বছর আগে যখন এখানে এসেছিলাম, বগুড়া সদরসহ সমগ্র জেলার মানুষের জন্য যে কাজগুলো দরকার ছিল, চেষ্টা করেছি তা করার। সরকারের নীতি-কানুনের মধ্যে যা সম্ভব হয়েছে, করেছি। বনানী-মাটিডালি চওড়া রাস্তা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, গ্যাসের লাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি।’

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু নির্বাচন নয়। এটি ঠিক করবে, আগামী দিনে দেশে মানুষের জবাবদিহিমূলক সরকার হবে কি হবে না। এই নির্বাচনে দেশের মানুষকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচন দেশের জন্য দিকনির্দেশনা দেবে।’

দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য না করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৫ বছর ধরে শুধু বগুড়া নয়, গোটা দেশই উন্নয়ন বঞ্চিত ছিল। যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেয়, শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে। বগুড়াকে যেমন সামনের দিকে নিয়ে যাব, দেশকেও এগিয়ে নিতে হবে।’

দেশের মানুষের ক্ষতিসাধন ও সুযোগ-সুবিধা বঞ্চিত হওয়ার বিষয়ও তিনি তুলে ধরেন। বলেন, ‘মানুষ ঠিকমতো চিকিৎসাসেবা পায়নি। কৃষক বঞ্চিত ছিল। শিক্ষাব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত। কল-কারখানা ঠিকভাবে গড়ে ওঠেনি। শুধু মেগা প্রজেক্ট হয়েছে, যা মেগা দুর্নীতির কারণ হয়েছে।’

তারেক রহমান আরও বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি দমন করতে হবে। সরকার গঠনের পর শুধু বগুড়ার কথা নয়, পুরো দেশকে এগিয়ে নিতে হবে। বগুড়াবাসীকে সমগ্র দেশের কথা ভাবতে হবে। আমাদের লক্ষ্য যোগ্যতার ভিত্তিতে চাকরি-বাকরি ও ব্যবসা-বাণিজ্য দেওয়া। অন্যকে বিতর্কিত অবস্থায় ফেলতে দেব না। বগুড়ার ন্যায্য অধিকার নিশ্চিত হবে, কিন্তু অন্যের অধিকার ক্ষতিগ্রস্ত হলে চলবে না।’

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম। মঞ্চে উপস্থিত ছিলেন জেলার অন্য ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীরাও। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষ প্রার্থী মোশারফ হোসেন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম ও খায়রুল বাশার।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language