সেনাসদস্যদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

ঢাকা, ২৭ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও জনবান্ধব আচরণের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে তিনি রংপুর ও রাজশাহী সফর করেন। এ সময় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মাঠে মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে তিনি এই এলাকাগুলো পরিদর্শন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সরেজমিনে মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং একইসঙ্গে স্থানীয় অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।
সফর চলাকালীন সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারেও (বিআইআরসি) অনুরূপ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রংপুর ও রাজশাহী পরিদর্শনকালে সেনাপ্রধানের সাথে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং; ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার; ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার। এছাড়াও সেনাসদর, রংপুর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬









