ঢাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ

ঢাকা, ২৪ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথে শুক্রবার সন্ধ্যায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটে রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায়।
ঘটনার সময় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা সবাই নিরাপদ ছিলেন। ঘটনা ঘটার পর তারা দ্রুত পথসভা শেষ করে পরীবাগ এলাকায় চলে যান।
নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, “রমনা এলাকায় গোল্ডেন প্লাজা গলিতে পথসভা করছিলাম। আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছিলাম। হঠাৎ একটি ভবনের ওপর থেকে প্রথমে ময়লা পানি এবং পরে ডিম নিক্ষেপ করা হয়।” তিনি আরও বলেন, “আমি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি। যাদের চাঁদাবাজির সাম্রাজ্য ভেঙে পড়ছে, তারাই এই ময়লা পানি ও ডিম নিক্ষেপের সঙ্গে জড়িত।”
২০২৪ সালের জুলাই–আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপি জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ওই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। তার প্রধান প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









