আইসিসিতে আবার চিঠি, স্বাধীন কমিটিতে ভেন্যু পরিবর্তনের দাবি বিসিবির

ঢাকা, ২৩ জানুয়ারি – বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে—আইসিসির এমন সময়সীমা পার হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়ে দিয়েছে, কোনোভাবেই তারা ভারতে দল পাঠাবে না। এই অবস্থায় শুক্রবার আবারও আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। এবার তারা ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বিষয়টি আইসিসির স্বাধীন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছে।
গতকাল বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
এরপর নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয়ে বিতর্ক তৈরি হলে সাধারণত স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি বিষয়টির সমাধান করে থাকে।
সূচি অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এর পরই নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে আলোচনা শেষে আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়।
এরপর গতকাল অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে জানান, বাংলাদেশ কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলবে না। একই সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, তারা এই বিষয়ে লড়াই চালিয়ে যাবেন। ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেই প্রচেষ্টারই অংশ।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









