কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

ঢাকা, ২৩ জানুয়ারি – ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) আহত হয়েছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।
তার ছোট ভাই রাকিব হোসেন জানান, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার সময় হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কেরানীগঞ্জ থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। স্বজনদের ভাষ্য অনুযায়ী তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









