ক্রিকেট

দাপুটে জয়ে সুপার সিক্সে উঠল বাংলাদেশ নারী দল

ঢাকা, ২২ জানুয়ারি – বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে পুরোপুরি হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল সুপার সিক্স নিশ্চিত করল। কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা ৮০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেন এবং ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার সিক্সে উঠলেন।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নামিবিয়ার ইনিংস মাত্র ৬৪ রানে শেষ হয়।

ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। পুরো ইনিংসে বড় স্কোর করতে পারেননি কোনো ব্যাটার। তবে ওপেনার দিলারার দুর্দান্ত সূচনা এবং স্বর্ণা আক্তারের চমৎকার ফিনিশিংয়ে মোটামুটি একটা সংগ্রহ হয়। এছাড়া দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখে শবানা ও জ্যোতির ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন শবানা মোস্তারি। ২৫ রান করেন দিলারা আক্তার। স্বর্ণা আক্তার ২৩, নিগার সুলতানা জ্যোতি ২১, শারমিন আক্তার ১৩ এবং রাবেয়া খান ১১ রান করেন। বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে নামিবিয়ার ব্যাটাররা বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন। সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার সুনে উইটম্যানের ব্যাট থেকে এবং উইকেটরক্ষক ব্যাটার গোরাসেস ১২ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। তিনটি করে উইকেট নেন রাবেয়া খান এবং ফাহিমা খাতুন।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language