জাতীয়

ভোটের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নিতে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

সিলেট, ২১ জানুয়ারি – ভোটের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেওয়ার জন্য সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে জানান, জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নিতে তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। তিনি হয়রত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ কয়েকশ নেতাকর্মী।

বিমানবন্দর থেকে সরাসরি হয়রত শাহজালাল (র.) মাজারে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে যাবেন খাদিমনগরে হয়রত শাহপরানের মাজারে।

মাজার জিয়ারতের পর তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে কিছু সময় অবস্থান করবেন। এরপর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ উঠবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language