উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ওয়াশিংটন, ২১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্তির দিনেই তার কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টরা একজন মার্কিন নাগরিক নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং ৩৭ বছর বয়সী রেনে গুডকে গুলি চালিয়ে হত্যা করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটনসহ নর্থ ক্যারোলিনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা শহরের প্রধান প্রধান এলাকায় প্রদক্ষিণ করেন এবং ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা দেশটিতে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের বিষয়ে ভোটারদের কাছ থেকে ম্যান্ডেট পেয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক আইসিই এবং অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের শক্তি প্রয়োগের বিরোধিতা করছেন।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে রাজ্য ক্যাপিটলে ‘স্টপ আইসিই টেরর’ সমাবেশে যোগ দেন।

ইন্ডিভিজিবল ও ৫০৫০১-এর মতো দেশটির বামপন্থী সংগঠনগুলোর পাশাপাশি শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সংগঠনগুলো এই কর্মসূচি আয়োজন করেছে। এসব সংগঠন অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে।

টেক্সাসের এল পাসোর একটি কেন্দ্রে গত ছয় সপ্তাহে আটককৃত তিন অভিবাসীর মৃত্যু ঘটার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অভিবাসন নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ পশ্চিমাঞ্চলের সান ফ্রান্সিসকো ও সিয়াটলসহ আরও শহরে ছড়িয়ে পড়েছে।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language