আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে শুরু নির্বাচনী প্রচারণা

ঢাকা, ২১ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে। প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। দেশের সব জেলায় ৩০৫ প্রার্থী ভোটের মাঠ ছেড়েছেন। এতে ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় স্থানে ১৩ জন প্রার্থী রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। আর সর্বনিম্ন দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে কোনো আসনে একক প্রার্থী নেই।
ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে মোট ২৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে আপিল নেওয়া হয়। ৯ জানুয়ারি পর্যন্ত ৬৩৯ জন আপিল করেন। ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলে। এবার ৬৪৫ জন আপিল করে, যার মধ্যে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান।
তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী (আগের তফসিল অনুযায়ী ১৩ জন মনোনয়নপত্র জমা হয়েছিল) এই তালিকা থেকে বাদ পড়বেন। ভোটের দিন একই রাখার শর্তে এই দুটি আসনে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। গত রোববার (১৮ জানুয়ারি) এই দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে পাবনা-১ আসনে সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে।
ইসির রোডম্যাপ অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে গণভোটও হবে, তবে ভিন্ন ব্যালটে।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









