টলিউড

দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার

কলকাতা, ১৯ জানুয়ারি – দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। রোববার আংটি বদলের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিজেই ভক্তদের এই খবর জানান মধুমিতা।

বিয়ের ছয় দিন আগে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বাগদান সেরে নেন তারা। আংটি বদলের পর কেক কেটে এই আনন্দের মুহূর্ত উদ্‌যাপন করেন দুজন। সামাজিক মাধ্যমে দেওয়া ছবিতে দেখা যায়, মধুমিতা হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন এবং দেবমাল্যও মধুমিতার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন। এরপর দুজনই আংটি পরা হাত দেখিয়ে ছবি তোলেন। ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘শুধুই আমার’।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয়। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।

এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্যের হাত ধরে নতুন জীবনের পথে এগোচ্ছেন এই অভিনেত্রী।

এনএন


Back to top button
🌐 Read in Your Language